জুলাই গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। শুক্রবার (৭ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।

সাভার পৌর এলাকার একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল-সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সাভার পৌরসভার মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম।

এ সময় সাভার থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বলেন, শহীদদের রক্তের বিনিময়ে মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে। সেই স্বপ্ন বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, সাভারে আওয়ামী লীগকে (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আর কোনো মিছিল করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। যারা গণঅভ্যুত্থানে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র, ভোটাধিকার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং আহতদের পুনর্বাসনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গড়তে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অনন্য অধ্যায়। তাদের স্মৃতি ধারণ করে বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *